ঢাকা, বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

নূর হোসাইন কাসেমীর জানাজায় সর্বস্তরের মানুষের ঢল

ads

হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টার কিছু সময় পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার জানাজা হয়। এতে হেফাজতের নেতাকর্মী, কওমি শিক্ষার্থীদের পাশাপাশি সর্বস্তরের মানুষের ঢল নামে।


প্রথমে তার জানাজা জাতীয় ঈদগাহে করার ঘোষণা দেওয়া হলেও অনুমতি না পাওয়ায় বায়তুল মোকাররমে করার সিদ্ধান্ত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের ছোট ছেলে জাবের কাসেমী। তাকে টঙ্গীতে নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রাঙ্গণে সমাহিত করা হবে।


নূর হোসাইন কাসেমী বিএনপি-জামায়াত জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ছিলেন। এছাড়াও তিনি হেফাজতে ইসলামের মহাসচিব, আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহসভাপতি, ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার মুহতামিমের দায়িত্বে ছিলেন।


শারীরিক অসুস্থতা নিয়ে কয়েকদিন ধরে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন নূর হোসাইন কাসেমী। পরে রবিবার দুপুরে তিনি হাসপাতালে মারা যান। তার করোনা রিপোর্ট নেগেটিভ ছিল বলে জানা গেছে।


এদিকে নূর হোসাইন কাসেমীর জানাজাকে কেন্দ্র করে বায়তুল মোকাররম এলাকা থেকে শুরু করে আশপাশের সড়ক ৯টার আগেই লোকে লোকারণ্য হয়ে যায়। অনেকে সড়কে দাঁড়িয়ে জানাজায় অংশ নেন। এই বর্ষীয়ান আলেমের জানাজায় এসে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

ads
ads
ads

Our Facebook Page